নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়বুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) ও মো. শরিফুল মোল্যা (৪০)। তারা সবাই কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই ব্যক্তিরা একটি মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে আসেন। হাজিরা দেওয়ার আগে তারা আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে রানদা, চাপাতি ও দাসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তারা কোন মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং অস্ত্রগুলো কেন সঙ্গে এনেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/জোই