কাগজে পুনর্নির্মাণ, বাস্তবে ভাঙা সিংড়ার স্বাস্থ্যকেন্দ্রের ভবন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ১৯৭৭-৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। সিংড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের প্রাথমিক

2026-09-20T14:18:34+00:00
2026-09-20T14:18:34+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কাগজে পুনর্নির্মাণ, বাস্তবে ভাঙা সিংড়ার স্বাস্থ্যকেন্দ্রের ভবন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৮ পিএম 
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যক্ত ভবনটি ৪ বছর ধরে এভাবেই পড়ে আছে। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ১৯৭৭-৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। সিংড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা এই কেন্দ্র। তবে দীর্ঘ চার বছর ধরে মূল ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। পুনর্নির্মাণের পরিকল্পনা থাকলেও মাঠপর্যায়ে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। ফলে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরের শুরুতেই স্বাস্থ্যকেন্দ্রের মূল ভবন ও কোয়ার্টার ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত করা হয়। ভবনটি পরিত্যক্ত ঘোষণার বিষয়ে তৎকালীন উপপরিচালকের উদ্যোগে একটি কমিটি গঠন করা হলেও ওই কমিটির লিখিত প্রতিবেদন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পরিত্যক্ত ঘোষণার কোনো লিখিত পত্র পাওয়া যায়নি। ফলে প্রশাসনিক জটিলতায় আটকে আছে পরবর্তী কার্যক্রম।


ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার পর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সহযোগিতায় প্রথমে একটি ভাড়া বাসায় স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চালানো হয়। পরে তা স্থানান্তর করা হয় ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে। তবে স্থানীয়দের দাবি, পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্রের বিকল্প হিসেবে এই দুটি কক্ষ যথেষ্ট নয়। এতে রোগী ব্যবস্থাপনা, ওষুধ সংরক্ষণ ও চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে।

সেবা নিতে আসা মরিচা গ্রামের মোকসেদ আলী জানান, কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে মূল ভবন বন্ধ দেখতে পান। পরে জানতে পারেন, ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে কার্যক্রম চলছে। তার মতো অনেক রোগীই স্বাস্থ্যকেন্দ্রটির বর্তমান অবস্থান সম্পর্কে জানেন না।

স্থানীয়রা জানান, নারী, শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষের জন্য ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের পাশাপাশি অস্থায়ী কেন্দ্রে প্রয়োজনীয় জনবল, ওষুধ ও সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, পরিত্যক্ত বিল্ডিংয়ে তো আর সেবা দেওয়া যায় না। জনগণের কথা চিন্তা করে আমার ইউনিয়নের দুটি কক্ষ সেবা দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে কতদিন! আশা করছি, দ্রুত এর সমাধানে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।


উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মোছা. হাসনে আরা বানু জানান, দীর্ঘদিন ধরে নিজস্ব ভবন না থাকায় ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সেখানে স্টোর রুমের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদেরও একই কক্ষে বসে কাজ করতে হয়। ফলে চিকিৎসাসেবা দেওয়ার সময় রোগীদের ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত গোপনীয়তা রক্ষা করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, সীমিত জায়গার কারণে নিয়মিত মাসিক ক্যাম্প পরিচালনা, রোগীদের বসার ব্যবস্থা এবং স্বাস্থ্যকেন্দ্রের মাসিক সভা আয়োজনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। ছোট পরিসরে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হওয়ায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দিতে প্রতিনিয়ত প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈসা জানান, কেন্দ্রটি পাঁচ বছর মেয়াদি অপারেশন প্ল্যানে পুনর্নির্মাণের জন্য অন্তর্ভুক্ত রয়েছে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মৌখিকভাবে জানতে পেরেছেন। তবে মাঠপর্যায়ে নির্মাণকাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

সময়ের আলো/জোই
  বিষয়:   কাগজে পুনর্নির্মাণ  ভাঙা  সিংড়ার স্বাস্থ্যকেন্দ্র  ভবন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: