রাশিয়ায় রাতভর ইউক্রেনের প্রায় ১১০০ ড্রোন হামলার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এটিকে রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা বলে জানিয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির বিভিন্ন অঞ্চল, ক্রিমিয়া ও কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ১ হাজার ১০০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে মস্কোমুখী ৪৫০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন মেয়র সোবিয়ানিন।
তিনি জানান, কয়েকটি ড্রোন মস্কোর একটি তেল শোধনাগার ও একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। তবে হামলার কারণে নির্বাচনী কার্যক্রমে কোনো বড় ধরনের ব্যাঘাত ঘটেনি বলেও দাবি করেন তিনি।
রাশিয়ার সংসদীয় নির্বাচনের তৃতীয় ও শেষ দিনে এই হামলার ঘটনা ঘটে। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এটি ছিল রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম সংসদীয় নির্বাচন।
সোবিয়ানিনের দাবি, নির্বাচন বাধাগ্রস্ত করতেই হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি।
এদিকে রাশিয়া ইউক্রেনের দখল করা চার অঞ্চলেও ভোট আয়োজন করেছে। ক্রিমিয়াতেও ভোট অনুষ্ঠিত হয়েছে। মস্কো এসব অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে দাবি করলেও ইউক্রেন ও আন্তর্জাতিক মহলের বড় অংশ এই দখল ও সংশ্লিষ্ট ভোটকে অবৈধ বলে বিবেচনা করে।
সময়ের আলো/এমকে