গাইবান্ধার সুন্দরগঞ্জে হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে একটি শিয়াল। এরপর পথচারী থেকে শুরু করে বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর একের পর এক হামলা চালায়। শিয়ালের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আকস্মিক এ হামলায় মুহূর্তেই বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জিগাবাড়ী গ্রামের মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭)। একই ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) এবং মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬)।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর হামলা শুরু করে। শিয়ালের কামড়ে একে একে শিশু, নারী ও পুরুষ আহত হলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে, হামলার পর শিয়ালটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় আতঙ্ক আরও বেড়ে যায়। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে মেরে ফেলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না।
সময়ের আলো/এনএন