দেশে কার্যরত ইসলামিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ইসলামিক আর্থিক লেনদেনের তথ্য রিপোর্টিং সহজ, যুগোপযোগী ও আধুনিক করতে নতুন নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স ডাটাবেজ ইউনিটের প্রস্তুত করা এ-সংক্রান্ত সার্কুলার দেশে কার্যরত সব ইসলামিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি এবং প্রচলিত ব্যাংকের ইসলামিক শাখা বা উইন্ডোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশিকায় রিপোর্টিংয়ের তথ্যের ছকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তথ্য সংযোজন, বিয়োজন ও পুনর্গঠন করা হয়েছে। এর ফলে ইসলামিক আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহ ও দাখিলের প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক হবে। নতুন নির্দেশনা অনুযায়ী ইসলামিক আর্থিক লেনদেনের প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর ২০২৬ মাসের লেনদেনের তথ্য পুরোনো তথ্যছকের পাশাপাশি নতুন তথ্যছক অনুযায়ীও দাখিল করতে হবে। তবে ডিসেম্বর ২০২৬ মাস থেকে পরবর্তী সব মাসের তথ্য শুধু নতুন তথ্যছক অনুযায়ী জমা দিতে হবে।
তথ্য দাখিলের ক্ষেত্রে ইসলামিক ব্যাংকের শাখা বা উইন্ডোগুলোকে এসটিডি আইবিএফ মানথনেম ব্যাংককোড নামের ফাইলে এবং ইসলামিক ফাইন্যান্স কোম্পানির শাখা বা উইন্ডোগুলোকে এসটিডি আইবিএফ মানথনেম ফিনকমকোড নামের ফাইলে লেনদেনের তথ্য পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে