৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার : আসক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

একের পর এক নিখোঁজ, এরপর উদ্ধার হচ্ছে শিশুর নিথর দেহ। কোথাও মাটির নিচে, কোথাও নদীর পানিতে, আবার কোথাও আপনজনের পাশেই

2026-09-20T21:14:50+00:00
2026-09-20T21:14:50+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার : আসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম 
আসকের লোগো। ছবি : সংগৃহীত
একের পর এক নিখোঁজ, এরপর উদ্ধার হচ্ছে শিশুর নিথর দেহ। কোথাও মাটির নিচে, কোথাও নদীর পানিতে, আবার কোথাও আপনজনের পাশেই ঘটছে নির্মম হত্যাকাণ্ড। চলতি বছরের প্রথম আট মাসের পরিসংখ্যান যেন সেই ভয়াবহ বাস্তবতারই প্রতিচ্ছবি। 

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ২৫৪ শিশুর মৃত্যুর তথ্য তাদের পর্যবেক্ষণে এসেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এসব তথ্য সংগ্রহ ও পরিসংখ্যান তৈরি করেছে আসক।

কুমিল্লায় নিখোঁজ ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর রোববার (২০ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসক। সংগঠনটি বলেছে, নিখোঁজের পর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা, নির্যাতনসহ নানা সহিংসতার ঘটনা শিশুদের জীবন ও নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

আসকের তথ্য অনুযায়ী, আট মাসে শিশু নিখোঁজের পর হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অন্যান্য ঘটনায় নিহত হয়েছে ১৫৫ জন। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯, ধর্ষণের পর হত্যা ২৬, ধর্ষণচেষ্টার পর হত্যা ৪, গুলিতে ৩, গৃহকর্মীকে শারীরিক নির্যাতনে মৃত্যু ২, উত্ত্যক্তকারীর হাতে হত্যা ২ এবং অপহরণের পর হত্যা করা হয়েছে একজনকে। এছাড়া আত্মহত্যা, রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধারের ৯৯টি ঘটনাও নথিভুক্ত হয়েছে।

শিশু নিখোঁজের সংখ্যাটিও উদ্বেগজনক। পুলিশের তথ্য বলছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে অথবা তারা ফিরে এসেছে।

সম্প্রতি জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের এক শিশুকে বিদ্যালয়ে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যায়নি। ১২ সেপ্টেম্বর সহপাঠীর বাড়ির মেঝেতে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে হত্যার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। ২৫ জুন লক্ষ্মীপুরের রায়পুরে একটি ভাড়াবাসায় মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ১০ বছরের সিপাও ছিল। আগস্টে রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে নিহত হয় ১২ বছরের ছেলে আয়ুশ। একই মাসে মাদারীপুরের শিবচরে এক নারীর মরদেহ উদ্ধারের পাঁচ দিন পর নদী থেকে তার এক বছরের সন্তানের মরদেহ পাওয়া যায়। ১৮ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের তাহিরপুরে একই পরিবারের ১০, ৭ ও ২ বছরের তিন শিশুকে হত্যা করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ২ হাজার ৩৬২টি হত্যা মামলা হয়েছে। মাসে গড়ে এ সংখ্যা দাঁড়ায় ২৯৫।


শিশুদের ওপর সাম্প্রতিক সহিংসতায় ২২ মে উদ্বেগ জানিয়েছিল ইউনিসেফ। শিশুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অভিযোগ জানানোর ব্যবস্থা, শিশুবান্ধব পুলিশ ও বিচার প্রক্রিয়া, স্থানীয় সুরক্ষা সেবা এবং মানসিক-সামাজিক সহায়তা জোরদারের ওপর গুরুত্ব দেয় সংস্থাটি।

আসকের মতে, শিশুদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সংবিধান, জাতীয় শিশু নীতি, শিশু আইন এবং আন্তর্জাতিক অঙ্গীকার অনুযায়ী এ দায়িত্ব পালনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   আসক  নিখোঁজ  শিশু  মরদেহ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: