চার জেলায় পানিতে ডুবে রোববার (২০ সেপ্টেম্বর) ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত জানিয়েছেন দৈনিক সময়ের আলোর প্রতিনিধিরা।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তিন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার পর জমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাটি বন্দর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত অপর এক ছাত্রের সন্ধানে ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, ভাটি বন্দর এলাকার ওই স্থানে প্রায় প্রতি বছরই পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে এলাকাটিকে ‘রেড জোন’ ঘোষণা করে নদীতে নামার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রাম
প্রতিদিনের মতো মাছের পোনা আহরণ করতে বাবার হাত ধরে সাগরের চরে গিয়ে স্রোতে ভেসে যায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান (১০)। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের মনুমিয়াজী ঘাটের উত্তর পাশে রোববার সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ছাড়া বোয়ালখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙামাটি
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকায় পাথরঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদী থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. হাসান (৯) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকার কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলুম এতিমখানা মাদরাসাসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান হেফজ বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
সময়ের আলো/আতা