ঘরোয়া ক্রিকেটে বড় সংস্কার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ঘরোয়া ক্রিকেটের চেনা কাঠামো বদলে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার দিনের প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে

2026-09-20T22:51:41+00:00
2026-09-20T22:51:41+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বোর্ড সভায় একাধিক সিদ্ধান্ত
ঘরোয়া ক্রিকেটে বড় সংস্কার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম 
ছবি : সংগৃহীত
ঘরোয়া ক্রিকেটের চেনা কাঠামো বদলে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার দিনের প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে একটি অভিন্ন প্রতিযোগিতা কাঠামোর আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

ছয় দল নিয়ে প্রস্তাবিত এই নতুন কাঠামোয় প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন ব্যবস্থার প্রথম আয়োজন হিসেবে টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি ডিসেম্বর ২০২৬-এ আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
রোববার ভার্চুয়ালি অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় ঘরোয়া ক্রিকেট পুনর্গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিত নতুন কাঠামোয় মোট ছয়টি দল থাকবে। একই প্রতিযোগিতা কাঠামোর অধীনে তিন ফরম্যাটের ক্রিকেট আয়োজন করা হবে। এর মধ্যে থাকবে প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি। দলগুলোর মালিকানা স্বত্ব প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বোর্ড জানিয়েছে, নতুন কাঠামোর অধীনে প্রথম ইভেন্ট হিসেবে টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করা হবে। এর সম্ভাব্য সময় ধরা হয়েছে ডিসেম্বর ২০২৬।

ঘরোয়া ক্রিকেটের কাঠামো বদলের পাশাপাশি খেলোয়াড়দের ম্যাচ ফিও নতুন করে নির্ধারণ করেছে বিসিবি। বোর্ডের সভায় ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী সংশোধিত ম্যাচ ফি অনুমোদন করা হয়েছে।


পুরুষদের ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচে একজন খেলোয়াড় পাবেন প্রতি ম্যাচ ১ লাখ ৫০ হাজার টাকা। এক দিনের ক্রিকেটে ম্যাচ ফি ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।

নারী ক্রিকেটেও বাড়ানো হয়েছে ম্যাচ ফি। তিন দিনের ক্রিকেটে ৪০ হাজার টাকা, এক দিনের ক্রিকেটে ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতাও দ্বিগুণ করেছে বিসিবি। আগে যেখানে প্রতিদিন ১০ হাজার টাকা দেওয়া হতো, এখন থেকে তা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।

ক্রিকেটারদের সুবিধা বাড়ানোর পাশাপাশি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নেও অনুমোদন দিয়েছে বোর্ড। শেরেবাংলা স্টেডিয়ামে আরও দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। নতুন ড্রেসিংরুমগুলো ঘরোয়া টুর্নামেন্ট, প্রস্তুতি ম্যাচ ও অন্যান্য ক্রিকেটীয় কার্যক্রম নির্বিঘ্নে আয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। আর প্যাভিলিয়ন ভবনের বর্তমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য রাখা হবে।

জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) মাঠেও যুক্ত হচ্ছে নতুন সুবিধা। সেখানে আন্তর্জাতিক মানের, আইএএএফ অনুমোদিত অ্যাথলেটিক রানিং ট্র্যাক স্থাপনের অনুমোদন দিয়েছে বোর্ড। ক্রিকেটারদের প্রশিক্ষণ ও ফিটনেস কার্যক্রমসহ অন্যান্য ক্রীড়া প্রয়োজন মেটাতে তিন লেনের বিশেষায়িত এই রানিং ট্র্যাক তৈরি করা হবে।

এদিকে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের জন্য পরামর্শক নিয়োগের সিদ্ধান্তও অনুমোদন করেছে বিসিবি। প্রস্তাবিত সংস্কার ও উন্নয়ন প্রকল্পের স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি সংক্রান্ত পরামর্শক সেবা দেবে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান।

সবমিলে রোববারের বোর্ড সভার সিদ্ধান্তগুলোতে ঘরোয়া ক্রিকেটের কাঠামোগত পরিবর্তন, ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধি এবং ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বিসিবির একাধিক পরিকল্পনা সামনে এসেছে। সবচেয়ে বড় পরিবর্তনটি হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা কাঠামোয়, যেখানে ছয় দলের অধীনে তিন ফরম্যাটকে এক ছাতার নিচে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   ঘরোয়া  ক্রিকেট  বড় সংস্কার  বোর্ড সভা  একাধিক  সিদ্ধান্ত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: