সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যু নিয়ে এমন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন আলোচিত রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম।
রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘শেষ পর্যন্ত বাচ্চা মেয়েটাকে তারা মেরে ফেলল! ইয়া আল্লাহ, তুমি মেয়েটাকে জান্নাত নসিব করো। এই সমাজ তার অসহায়ত্বের সুযোগ নিয়েছে! তুমি তার প্রতি ইনসাফ করো আল্লাহ।’
মেঘনা আলম আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর কথিত কর্মকাণ্ডের সমালোচনা এবং বিএনপিকে সমর্থনের কারণে তাকে লক্ষ্য করে ভুয়া সংবাদ, ভিডিও, স্ক্রিনশট ও গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে একজন নারীর সম্মানহানি করা হলেও কেউ কেউ বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন।
পোস্টে তিনি লেখেন, ‘ইয়া আল্লাহ, যারা একজন মানুষের সম্মানহানি করে, মিথ্যা ছড়ায় এবং একজন নারীর অসহায়ত্বকে বিনোদনে পরিণত করে, তুমি তাদের কৃতকর্মের ন্যায়বিচার করো। দুনিয়াতেও ইনসাফ প্রতিষ্ঠা করো, আখিরাতেও তাদের জবাবদিহির মুখোমুখি করো। আমিন।’
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এর আগে জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
সময়ের আলো/এমকে