কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় আটক শাহরিয়ার আনাসের (১৮) সম্পৃক্ততা পায়নি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় এসআরবি-১১ এর সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে সন্দেহজনকভাবে আনাসকে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়। রাতভর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তেমন কিছু পাওয়া যায়নি। এ হত্যাকাণ্ডে আনাসের সম্পৃক্ততা না থাকায় তাকে দুপুর ২টার আগে ছেড়ে দেওয়া হয়।
তবে মামলা তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হতে পারে বলে জানান এসআরবির এই কর্মকর্তা।
নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন।
পরদিন দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সময়ের আলো/ইউএমএইচ