জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার আগে কাতারে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়েন আরাগচি। পথে দোহায় স্বল্প সময়ের জন্য অবস্থান করে অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাতারি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করবেন তিনি।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছে দোহা।
দোহা সফরের সময় হরমুজ প্রণালির পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পেতে পারে। কৌশলগত এই নৌপথে চলাচলকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজস্ব অনুমোদনের শর্ত আরোপ করেছে এবং নৌপথ ব্যবহারের জন্য সেবাশুল্ক আরোপের একটি ব্যবস্থাও বিবেচনা করছে।
অন্যদিকে ইরানের অবস্থানের জবাবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোকে ঘিরে নিজস্ব নৌ অবরোধ কার্যকর করেছে। এতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরুর আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করত, গত সপ্তাহান্তে সেখানে মাত্র ১২টি জাহাজ পার হয়েছে।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির অংশগ্রহণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি প্রতিনিধিদলের চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নিউইয়র্কে যাওয়ার আগে কাতারে আরাগচির এই আলোচনা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করতে পারে।
সময়ের আলো/জেডি