রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্য খুনের ঘটনায় গ্রেফতার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ঢাকায় পাঠানো হয়েছে। সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে ডিএনএন পরীক্ষার জন্য রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করে আসামিদের পুনরায় রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হবে। এ বিষয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট এএসএম কামরুল হুদা বলেন, আদালতের অনুমতি সাপেক্ষে কারাবিধি মেনে আসামিদের ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এর কয়েক দিন আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী আদালতে আসামিদের ডিএনএ পরীক্ষার আবেদন করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুই আসামির ডিএনএন নমুনা পরীক্ষার জন্য আদালতের আদেশের অনুমতির কপি মামলার তদন্ত কর্মকর্তা রংপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। পরে রাতে দুই আসামিকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গেল ২১ আগস্ট মধ্যরাতের পর মহানগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী এবং কনিষ্ঠ পুত্র জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়ুশ চক্রবর্তী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরদিনই সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে পুলিশ।
সময়ের আলো/জেকিউএফ