জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হলেও এর প্রভাব এখনো পড়েনি রাজধানীর গণপরিবহনে। অধিকাংশ বাসে আগের নির্ধারিত ভাড়ায়ই যাত্রী পরিবহন করা হচ্ছে।
দাম বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির বনানী কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন। জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, মূলত সেটিই আলোচনায় আসবে। তবে পরিবহন মালিক সমিতি কিলোমিটার প্রতি ২০ পয়সা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেবে বৈঠকে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, নতুন পরিস্থিতিতে বাসের পরিচালন ব্যয় ও জ্বালানি খরচ হিসাব করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হবে। দূরপাল্লা, মহানগর ও অন্য শ্রেণির বাসের ক্ষেত্রে পৃথক হিসাবও বিবেচনায় নেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া কত বাড়বে, তা বৈঠকের আলোচনা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাবের পর নির্ধারণ হবে।
এর আগে রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। নতুন দামে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বেড়ে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে বেড়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
সময়ের আলো/জেকিউএফ