সাহসিকতা, দায়িত্ব পালনে বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তালিকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপ-সচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সাহসিকতা, কর্মদক্ষতা, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
মনোনীত ৯২ সদস্যের মধ্যে চার ধরনের পদক রয়েছে। এগুলো হলো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা।
প্রায় এক বছরের দায়িত্ব পালনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হচ্ছে। একই সঙ্গে পুলিশের সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করা এবং অসাধারণ কর্মকাণ্ডের স্বীকৃতি দেওয়াও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
সময়ের আলো/এমকে