‘আব্বার ভ্যান পাইছি, কিন্তু আব্বারে আর পাইলাম না’

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

‘আব্বা ভ্যানে করে সবজি বিক্রি করে। যখন আগুন লাগার ঘটনা ঘটে, তারপর ঘটনাস্থলে গিয়া খোঁজাখুঁজি করে আব্বার ভ্যান পাইছি। তখন

2026-09-21T19:01:25+00:00
2026-09-21T19:01:25+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাভারে সিলিন্ডার বিস্ফোরণ
‘আব্বার ভ্যান পাইছি, কিন্তু আব্বারে আর পাইলাম না’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম 
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
‘আব্বা ভ্যানে করে সবজি বিক্রি করে। যখন আগুন লাগার ঘটনা ঘটে, তারপর ঘটনাস্থলে গিয়া খোঁজাখুঁজি করে আব্বার ভ্যান পাইছি। তখন আমি আব্বা, আব্বা করে ডাকতে থাকি। কিন্তু আব্বারে আর পাইলাম না।’ – সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা নজরুল ইসলামকে হারিয়ে এভাবেই কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিউল ইসলাম (১৩)।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে প্রিটি গ্রুপের প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

নিহত নজরুল ইসলাম (৩৫) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামের বাসিন্দা। প্রায় আট বছর আগে পরিবার নিয়ে আশুলিয়ায় আসেন তিনি। ভ্যানে করে সবজি বিক্রি করে সংসার চালাতেন।

সামিউল জানায়, প্রতিদিন বিকেল তিনটার দিকে বাবা সবজি নিয়ে বের হতেন এবং রাত ১০টার দিকে বাড়ি ফিরতেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে বাবার ভ্যান পেলেও তাঁকে খুঁজে পায়নি সে। পরে জানতে পারে, নজরুলকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে খুঁজেও বাবাকে না পেয়ে পরে রিকশায় করে তাকে আসতে দেখে সামিউল। গুরুতর আহত নজরুলকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়।


নজরুলের মামা হানিফ বলেন, ‘নজরুলের সাজানো–গোছানো সংসার ছিল। অনেক কষ্ট করে ছেলেকে স্কুলে পড়াশোনা করাত। হঠাৎ এক রাতে সবকিছু শেষ হয়ে গেল।’

এ ঘটনায় আহত ওমর সুলতান (৩৬) বলেন, ‘ক্যাভার্ড ভ্যানে করে মাল নিয়া গেছিলাম। ঘটনার সময় দাঁড়ায়ে আছিলাম। হঠাৎ জোরে আওয়াজ শুনি। এরপর পায়ে–হাতে লাগে। হাসপাতালে আনার পরে পায়ের দুইটা আঙুল কাইটা ফেলতে হইছে।’

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে বিস্ফোরণের পর ২৫ জন আহতকে নেওয়া হয়। গুরুতর তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সাভার  সিলিন্ডার  বিস্ফোরণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: