গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজারে ডা. নুরুল সরকার স্কুল অ্যান্ড কলেজে সংঘবদ্ধ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে ক্লাস চলাকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা শিক্ষার্থীরা হলেন নাঈম ইসলাম (১৬), সাহেদ হোসেন (১৬), মেহেদী হাসান (১৬), রাসেল মিয়া (১৬), রিয়াদ (১৬), কবীর হোসেন (১৩), সাগর শেখ (১৪)। আহতরা শিক্ষকরা হলেন শামীম মিয়া (৩৫), সোহেল সরদার (৩৩), মশিউর রহমান (৩২), জয় চৌধুরী (৩৫), অপু গুণ (৩৮)। এছাড়াও স্থানীয় বাসিন্দা মিনি বেগম (৫০), জহুরুল ইসলাম (৩৫), নৈশ প্রহরী মাসুদ শেখ (৩৮)।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের মালিক লিটন মিয়ার সাথে বিবাদের জেরে পার্শ্ববর্তী আব্দুল মান্নান ডিপটির নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে ক্লাস চলাকালীন হামলা করে। এ সময় তারা এলোপাথাড়ি ইট পাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়।
আকস্মিক এ হামলার সময় শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাণভয়ে বিভিন্ন দিকে ছুটোছুটি শুরু করে। হামলায় দেশীয় অস্ত্র ও ইটের আঘাতে স্কুলের ৭ শিক্ষক সহ ১৭ শিশু শিক্ষার্থী আহত হয়। এ সময় দুর্বৃত্তরা চারটি মোটরসাইকেল এবং দুইটি ল্যাপটপ ভেঙে ফেলে।
পরে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আখতারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সাথে জড়িত জহুরুল ইসলাম ও সাগর মিয়া নামের দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব বিষয়টি নিশ্চিত করে জানান, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার বিষয়টি খুবই নিন্দনীয়। এ ঘটনায় প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আতা