কক্সবাজারের উখিয়ায় কিশোর অপহরণ করে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার অভিযোগে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উখিয়ার ইনানী এলাকার আশেক (১৯) ও ইমরান উদ্দিন (২০)। গ্রেফতার আশেকের বাবার নাম বাদশা মিয়া এবং ইমরান উদ্দিনের বাবার নাম মো. আবুল কালাম। তারা উভয়েই উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাসিন্দা।
তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি উখিয়ার মনখালী এলাকার ১৪ বছর বয়সী কিশোর মো. মাইমুন উদ্দিন জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হলে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
অপহরণকারীরা কিশোরের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যার পাশাপাশি বিষয়টি প্রশাসনকে জানালে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও জানান তিনি।
এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা কিশোরকে মানবপাচারের উদ্দেশ্যে অপহরণ ও মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তিনি।
সময়ের আলো/আতা