ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সক্রিয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। সোমবার (২১ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামের মোহাম্মদ আবদুর রহমান (৫৫) এবং বস্তা ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মো. সাজ্জাদ হোসেন মুন্না (৩২)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আবদুর রহমান কোন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। অপরদিকে সাজ্জাদ হোসেন মুন্না দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ডিবি দক্ষিণের পৃথক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার দুজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আতা