প্রায় দুই দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন শখ। অভিনয় ও মডেলিংয়ে একসময় বেশ ব্যস্ত সময় পার করলেও এখন ক্যামেরা থেকে অনেকটা দূরে তিনি।
বিয়ে, সংসার ও সন্তানের কারণে অনেক দিন পর্দায় উপস্থিতি নেই তার। তবে বিরতি ভেঙে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শখ। সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন লুকে হাজির হয়ে এমনটিই জানিয়েছেন অভিনেত্রী।
তিনি বলেন, ‘মাঝে বড় একটা বিরতি নিয়েছিলাম। প্রেগন্যান্ট ছিলাম। আমার বেবির বয়স এখন সাড়ে চার বছরের মতো। সামনে স্কুল শুরু করবে। যে কারণে এখন অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। ভালো গল্প পেলে মানুষ আমাকে আবার অভিনয়ে নিয়মিত দেখবেন।’
নাটক-বিজ্ঞাপনের পাশাপাশি সিনেমাতেও কাজ করার ইচ্ছে রয়েছে শখের। নিজেকে সেভাবে প্রস্তুতিও করছেন। শখ জানান, এরই মধ্যে সিনেমার দুজন পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন। নাটকের পাশাপাশি এবার সিনেমাতেও নিয়মিত হবেন। কীভাবে ফেরাটা আরও সুন্দর করা যায়, তা নিয়েও ভাবছেন তিনি।
বেশ কয়েক দিন ধরে শখ বিভিন্ন পণ্যের প্রতিষ্ঠানের প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। মাঝেমধ্যে ফ্যাশন শোতেও দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি একটি ফ্যাশন শোতে বদলে যাওয়া শখকে দেখে বিনোদন অঙ্গনের অনেকেই চমকে গেছেন। ওজন কমিয়ে নিজেকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন এই মডেল-অভিনেত্রী। ৭০ কেজি থেকে বর্তমানে তার ওজন ৫৫ কেজি বলে জানান তিনি।
শখের এই পরিবর্তনের পেছনে শুধু সৌন্দর্য বা ফিট থাকার ইচ্ছা নয়, রয়েছে সুস্থ থাকার তাগিদও। দীর্ঘ বিরতির পর বদলে যাওয়া নতুন লুকে শখের এই প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আগ্রহ।
এর আগেও একাধিকবার অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন একসময়ের জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী। কিন্তু বেশি দিন দূরে থাকতে পারেননি। ফিরে এসেছেন আপন ভুবনে।
শুধু নাটকই নয়, ‘বল না তুমি আমার’ ও ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামে দুটি সিনেমাতে অভিনয় করেছেন শখ। তবে শেষতক নাটকে অভিনয়ই হয়েছে তার শেষ ঠিকানা। দুই বছর আগে কাজে ফেরেন ‘ত্রিভুজ’ নামে একটি ওয়েব ফিল্ম দিয়ে। এরপর কিছু কাজ করলেও নিয়মিত হননি। চলে যান আড়ালে। এবার আড়াল ভেঙে ফিরছেন শখ।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও