কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি করেরগাঁও সড়ক ও কদমপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের’ প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সামিউল্লাহ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নানা চক্রান্ত ও অপতৎপরতা রুখতে আমরা মাঠে প্রস্তুত আছি।
তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার বলেন, বিদেশে অবস্থান করে কোনো রাজনৈতিক দলের নেতাদের সন্ত্রাস ও সহিংসতার হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয়। রাজনীতি হওয়া উচিত শুভবুদ্ধির প্রতিযোগিতা; সহিংসতার মাধ্যমে দেশকে অশান্ত করা রাজনীতি নয়।
তিনি আওয়ামী লীগের সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/টিকে