চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয় আশিক (ছদ্মনাম) নামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হয়।
আশিক হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, মোবাইলের জন্য বাবা-মায়ের কাছে আবদার করে আশিক। এ নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলায় একাই হাজীগঞ্জ থানায় চলে যায় সে।
পরে থানায় শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক জহির হোসেন। তিনি বিষয়টি শুনে ওই শিক্ষার্থীকে বুঝিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
জহির হোসেন বলেন, ‘শিশুটি অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। আমরা তার সঙ্গে শান্তভাবে কথা বলেছি এবং বিষয়টি বোঝার চেষ্টা করেছি। পরে তার বাবা-মাকেও ডেকে এনে সন্তানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। তাদের বুঝিয়ে বলেছি, পারিবারিক বিষয়গুলো যেন ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা হয়। পরে শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ছোট একটি বিষয়কে কেন্দ্র করে যেন শিশুর মনে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়েও তার বাবা-মাকে সতর্ক করা হয়েছে।’
সময়ের আলো/মহু