ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুই কসাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, রাণীশংকৈল উপজেলার মীরডাংঙ্গী গ্রামের আব্দুর রহমানে ছেলে আব্দুল্লাহ (১৯) ও একই উপজেলার দৌসিয়া গ্রামেন আব্দুর সামাদের ছেলে সুমন (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা অসুস্থ গরুটি উপজেলার কানারি গ্রাম থেকে শহরে দিকে নিয়ে যাচ্ছিলেন। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা কসাইদের আটক করে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ তাদের আটক করে সহকারী কমিশনার কার্যালয়ে নিয়ে আসেন। পরে পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনএম ইসফাকুল কবীর অভিযুক্তদের স্বীকারোক্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আব্দুল্লাহ ও সুমন নামের দুই কসাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এঘটনায় গরুটি বহনকারী ভ্যানচালক মতিউর রহমানের কোনো সম্পৃক্ততা না থাকায় তাকে ভবিষ্যতে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
সময়ের আলো/এনএন