গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কুকুরের কামড়ে সিনথিয়া আক্তার (৭) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের

2026-09-22T18:42:47+00:00
2026-09-22T18:42:47+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম 
উত্তর হাটবামুনী গ্রামে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কুকুরের কামড়ে সিনথিয়া আক্তার (৭) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। শিশুদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সিনথিয়া স্থানীয় বাসিন্দা সনজু মিয়ার মেয়ে। ঘটনার দিন বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে একটি কুকুর তাকে তাড়া করে আক্রমণ করে। কামড়ে গুরুতর জখম হয় শিশুটি। স্বজনরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের একটি দল। এই দলে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিলকিস চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান। কর্মকর্তারা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সমবেদনা জানান এবং প্রতিবেশীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন।

কামারপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মাজহারুল মাজেদ বাবু জানান, ঘটনাটি ছিল আকস্মিক এবং কুকুরটি এলাকায় আগে থেকেই মানুষের ওপর আক্রমণাত্মক আচরণ করে আসছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উত্তর হাটবামুনী ও তার আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আক্রমণাত্মক কুকুরের উপদ্রব রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিয়ালের চলাচলও, যা এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। বিশেষত স্কুলগামী শিশু ও সন্ধ্যার পর চলাফেরা করা মানুষজন এই ঝুঁকির মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বলে মনে করছেন বাসিন্দারা।

একাধিক অভিভাবক জানান, এর আগেও এলাকায় কুকুরের তাড়া খেয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এবারই প্রথম এমন মর্মান্তিক পরিণতি দেখা গেল। তাদের অভিযোগ, বহুবার স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসিফ উর রহমান জানান, হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা শিশুটিকে কুকুরের কামড়ের গভীর ক্ষতসহ মৃত অবস্থায় পায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাদুল্লাপুরের ইউএনও রওজাতুন জান্নাত সাংবাদিকদের জানান, কুকুরের কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী জলাতঙ্কের টিকা সম্পূর্ণ করার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে অবহিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধু ঘটনাস্থল পরিদর্শন বা সাময়িক আশ্বাসে সমস্যার সমাধান হবে না। তাদের দাবি, জলাতঙ্কের ঝুঁকি বিবেচনায় নিয়ে এলাকায় নিয়মিত কুকুর নিয়ন্ত্রণ কার্যক্রম, প্রয়োজনীয় টিকাদান কর্মসূচি এবং জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করতে হবে। 

এদিকে শিশু সিনথিয়ার মৃত্যুতে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   গাইবান্ধা  কুকুরের কামড়  শিশুর মৃত্যু  আতঙ্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: