বেফাঁস মন্তব্যের কৈফিয়ত চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ

2026-09-23T04:13:30+00:00
2026-09-23T04:13:30+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বেফাঁস মন্তব্যের কৈফিয়ত চায় বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৩ এএম 
ছবি : সংগৃহীত
এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেও এবার এশিয়ান গেমস শেষ হয়েছে শূন্য হাতে। পাকিস্তানের বিপক্ষে ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রানে হেরে বিদায় নেওয়ার পর মাঠের ব্যর্থতার সঙ্গে সামনে এসেছে দল পরিচালনা নিয়েও প্রশ্ন। এর মধ্যেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত এবং প্রধান কোচ সারোয়ার ইমরানের বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

এশিয়া কাপের পর থেকেই বাংলাদেশ নারী দলে একাধিক দায়িত্বে পরিবর্তনের গুঞ্জন ছিল। এশিয়ান গেমস শেষে সেই আলোচনা আরও জোরালো হয়েছে। প্রধান কোচ সারোয়ার ইমরানের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই বছরের চুক্তির মেয়াদও আগামী অক্টোবরে শেষ হচ্ছে। ফলে তার চুক্তি নবায়ন না হওয়া কিংবা অধিনায়ক পরিবর্তন হওয়াকে সাধারণ প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

এর মধ্যে গত সপ্তাহে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জ্যোতি। পাকিস্তানের বিপক্ষে হারের পর প্রশ্ন ওঠে, টুর্নামেন্ট চলাকালে তার এমন সিদ্ধান্ত দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেছে কি না।

এমন প্রশ্নের জবাবে প্রধান কোচ সারোয়ার ইমরান বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এটা হতে পারে না। আমরা একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনকে আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি (ভালো পারফরম্যান্স) আশা করেন?’

তবে কোচের এই বক্তব্যের সঙ্গে একমত নন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি জ্যোতির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বলেন, ‘প্রথমত জ্যোতি যখন অধিনায়কত্ব ছাড়ল এরপর আমিই বলেছিলাম যে, এটাতে আমরা হতাশ এবং বিব্রত। কারণ এত বড় টুর্নামেন্টের মধ্যে জ্যোতির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত আসলে ঠিক না। জ্যোতি আমাদের সঙ্গে আলাপ করতে পারত। তারপর সিদ্ধান্ত জানাতে পারত, কিন্তু সেটা সে করেনি।’
এরপর প্রধান কোচের বক্তব্য নিয়েও সরাসরি আপত্তি জানান বাবু। তার দাবি, সারোয়ার ইমরানের বক্তব্যের বিষয়ে বিসিবি তার কাছে ব্যাখ্যা চাইবে। বাবু বলেন, ‘তার কাছে আমরা ব্যাখ্যা চাইব, না জেনে কেন কথা বলবে। মেয়েরা প্রধান কোচের বিরুদ্ধে আমার কাছে কয়েকবার অভিযোগ দিয়েছে। তার ব্যবহার ভালো না, তারপরও আমি কিছু বলিনি।’


প্রধান কোচের ‘সাইজ করে দেওয়া’ মন্তব্যকে মিথ্যাচার হিসেবেও উল্লেখ করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান। তিনি আরও বলেন, ‘জ্যোতি অধিনায়কত্ব ছাড়ার পরে আমি নিজেই হতাশ হয়েছিলাম। বলছিলামও একাধিকবার। কিন্তু আজকে সে (সারোয়ার ইমরান) এটা নিয়ে মিথ্যাচার করেছে। অধিনায়ককে সাইজ করা হয়েছে বলা হয়েছে। এর জন্য আমরা তার কাছে কৈফিয়ত চাইব, কেন সে মিথ্যাচার করেছে!’

ফলে এশিয়ান গেমসে ব্যর্থতার পর বাংলাদেশ নারী ক্রিকেটে শুধু মাঠের পারফরম্যান্সই নয়, দল পরিচালনা ও দায়িত্বশীলদের বক্তব্য নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অক্টোবরে প্রধান কোচের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এই বিতর্ক পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি   
  বিষয়:   বেফাঁস মন্তব্য  কৈফিয়ত  বিসিবি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: