আবারও বিভাগীয় পর্যায়ে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও এবারও তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

2026-09-23T13:00:23+00:00
2026-09-23T13:08:45+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
আবারও বিভাগীয় পর্যায়ে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:০০ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ১:০৮ পিএম
সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও এবারও তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশনজটের আশঙ্কা এবং পরীক্ষার ব্যয় বেড়ে যাওয়াসহ নানা বাস্তব সমস্যার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের দিকে এগোচ্ছে প্রশাসন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভা শেষে সংশ্লিষ্টরা এসব তথ্য জানান। বিষয়টি পরবর্তী একাডেমিক কাউন্সিল ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় চূড়ান্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম বলেন, এ বছর বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। বিভিন্ন আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে এবার এটি বাস্তবায়ন করা সম্ভব না হলেও আগামী বছর থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের জন্য আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

তিনি বলেন, বিষয়টি এখনো বিবেচনাধীন। পরবর্তী একাডেমিক কাউন্সিল ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মো. আলী রেজা বলেন, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু বাস্তব সমস্যা সামনে এসেছে। এর মধ্যে আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধি, সময়ের সমন্বয় না হওয়া এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি আগে থেকেই নির্ধারিত হয়ে যাওয়ার বিষয় রয়েছে। এসব বিষয় জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপন করা হবে। চলতি মাসেই ওই সভা হতে পারে বলেও জানান তিনি।

গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবির বলেন, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজন নিয়ে সভায় তাঁদের পক্ষ থেকে একাধিক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এসব প্রস্তাব পুনর্বিবেচনা করে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবু সায়েফ মো. মুনতাকিমুল বারী বলেন, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র, সময়সূচি, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্তেও এগুলো বিবেচনায় থাকবে।

সভায় সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র ও সময় আগে থেকেই বুকিং হয়ে যাওয়া, এপ্রিল পর্যন্ত পর্যাপ্ত সময় না থাকা, দেরিতে পরীক্ষা নিলে সেশনজটের আশঙ্কা এবং সামগ্রিক ব্যয় বেড়ে যাওয়ার বিষয়গুলো এর মধ্যে রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজন করা হলে শিক্ষকদের সম্মানী, অ্যাসিস্ট্যান্ট ফি, আবেদন ফিসহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ বেড়ে যেতে পারে। এতে বর্তমান পরীক্ষার তুলনায় ব্যয় দেড় থেকে দুই গুণ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফি প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা হতে পারে বলেও সভায় আলোচনা হয়েছে।


তবে এসব বিষয় এখনো চূড়ান্ত নয়। একাডেমিক কাউন্সিল ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির পরবর্তী সিদ্ধান্তের পর ভর্তি পরীক্ষার পদ্ধতি ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।

জাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের দাবি অবশ্য নতুন নয়। ২০২২ সালের এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে আয়োজনের সুপারিশ করেছিল। তবে তখন জাবি প্রশাসন ক্যাম্পাসের বাইরে কোনো পরীক্ষা কেন্দ্র না রাখার সিদ্ধান্ত নেয়।

এরপর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যানজট, পরিবহন সংকট, পার্কিং, পানি, খাবার ও পরীক্ষাকেন্দ্রসংক্রান্ত বিভিন্ন ভোগান্তির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের অনেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানান। ২০২৪ সালের ডিসেম্বরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অভিন্ন প্রশ্নে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিল।

২০২৫ সালের ডিসেম্বরেও জাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়া হয়নি। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানও ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন।

এর ধারাবাহিকতায় চলতি বছরের ৮ জুলাই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহের জন্য চারটি পৃথক উপকমিটি গঠন করে জাবি প্রশাসন। গত আগস্টেও প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়ে কাজ চলার কথা জানানো হয়েছিল।

সময়ের আলো/জোই
  বিষয়:   এবারও বিভাগীয় পর্যায়ে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: