চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।
বেলা ১১টা ২০ মিনিটে শুরু হওয়া কর্মসূচিতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অংশ নেন। এ সময় তারা নিজেদের শিক্ষার্থী আইডি নম্বর ও স্বাক্ষর দেন। সংগৃহীত স্বাক্ষর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব বলেন, ২১ সেপ্টেম্বর কোনো নোটিশ ছাড়াই অধ্যাপক আবু সাদাত সায়েমকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরদিন ২২ সেপ্টেম্বর চুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। আজ আন্দোলনের দ্বিতীয় দিনে গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
এর আগে ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পরে আন্দোলনকারীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
সময়ের আলো/এসএকে