২০০৫ সালে চট্টগ্রামে শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় ২১ বছর পর মৃত্যুদণ্ড থেকে আমির হোসেনকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত সূত্রে জানা যায়, মূল আসামিকে না ধরে এ মামলায় আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছিল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আলোচিত এ মামলার পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে গত ১ সেপ্টেম্বর আমির হোসেনকে খালাস দিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় দেন। তারও আগে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি শিশু জুলিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আমির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।
আলোচিত এ মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশু জুলিয়া আক্তার। আমির হোসেন ওই বাড়িতে দিনমজুরের কাজ করতেন। ওইদিন শিশু জুলিয়াকে অপহরণ করে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ খালে ফেলে দেয়া হয়। পরবর্তীতে খালপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুলিয়ার পরিবারের পক্ষ থেকে আমির হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে ২০০৮ সালের ২৫ আগস্ট পুলিশি তদন্ত শেষে আদালতে চার্জশিট দেওয়া হয়। এর পরের বছর (২০০৯) ৮ সেপ্টেম্বর মামলার বিচার কাজ শুরু হয়। এ মামলায় মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছিলেন।
সময়ের আলো/কেএইচও