সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেল পাচার ঠেকাতে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বিশ্ববাজারে তেলের দাম বর্তমানে অস্থিতিশীল। প্রতিবেশী অনেক দেশে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় বেশি হওয়ায় দেশ থেকে তেল পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে তেলের দাম সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসীরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন। সেই অর্থ দিয়ে দেশে জ্বালানি তেল আমদানি করা হয়। তাই প্রবাসীদের কষ্টার্জিত অর্থে কেনা জ্বালানি তেল যাতে পাচার না হয়, সেটিও দাম সমন্বয়ের ক্ষেত্রে বিবেচনায় রাখা হয়েছে।
জ্বালানি তেলের দাম আবার কমানোর সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি সংকটের প্রভাব এখন পুরো বিশ্বেই পড়েছে। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তখন দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা সম্ভব হবে। এমনকি সুযোগ থাকলে আগের দামের চেয়েও কম দামে তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বোরো মৌসুমে বিদ্যুতের লোডশেডিং কমবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের কথা বিবেচনা করে বোরো মৌসুমে প্রান্তিক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। কৃষকদের পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগামী দিনে সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসএকে