নেত্রকোণা শহরের ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদরাসায় শিক্ষকের সঙ্গে নারীর আপত্তিকর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সামাজিক ও স্থানীয় পর্যায়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিক্ষকমণ্ডলীর জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ওই শিক্ষককে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এটি এক মাস আগের ঘটনা। অব্যাহতি প্রাপ্ত শিক্ষক মো. এহসানুল হক প্রতিষ্ঠানটির আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নন-এমপিওভুক্ত খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তিনি দুর্গাপুর উপজেলার বাসিন্দা এবং তিন সন্তানের জনক।
মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন জানান, গত ২০ আগস্ট শিক্ষকদের মিটিং চলাকালে সিসিটিভি মনিটরে এক কক্ষের ভেতরে এহসানুল হক ও ওই নারীকে দেখতে পান শিক্ষকরা। সিসিটিভি ফুটেজ দেখানোর পর অভিযুক্ত শিক্ষক ভুল স্বীকার করে ক্ষমা চান। ঘটনার প্রেক্ষিতে গত ২৬ আগস্ট তার কক্ষের তালা বদলে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ১ সেপ্টেম্বর এহসানুল হকের জমা দেওয়া পদত্যাগপত্র শিক্ষকমণ্ডলীর জরুরি সভায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করে তাকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি লিখিতভাবে গভর্নিং বডি ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত শিক্ষক এহসানুল হকের ব্যবহৃত মোবাইল নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, লিখিত কোনো অভিযোগ এখনও পাননি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/এনএন