ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা ব্যবহার না করেই এখন টাকায় আমদানি-রফতানি লেনদেনের অর্থ নিষ্পত্তি করা যাবে। বিদেশি ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে এ লেনদেনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন ব্যবস্থায় আমদানিকারকের কাছ থেকে পাওয়া টাকা সংশ্লিষ্ট ভোস্ট্রো হিসাবে জমা হবে। পরে ওই হিসাব থেকে বাংলাদেশের রফতানিকারকের পাওনা পরিশোধ করা যাবে। তবে এলসি, চুক্তি ও ইনভয়েস আগের মতোই অনুমোদিত বৈদেশিক মুদ্রায় করতে হবে। নিষ্পত্তির সময় প্রচলিত বিনিময় হার অনুযায়ী তা টাকায় রূপান্তর করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে বৈদেশিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি টাকায় সীমান্তপারের বাণিজ্যিক লেনদেন বাড়ানোর পথও খুলবে।
নির্দেশনা অনুযায়ী, টাকায় রফতানি আয় পাওয়া রফতানিকারকরা বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারবেন। এসব অর্থ কাঁচামাল আমদানি, ইডিএফ ঋণ পরিশোধসহ অনুমোদিত বৈদেশিক মুদ্রার দায় মেটাতে ব্যবহার করা যাবে।
ভোস্ট্রো হিসাবে জমা থাকা অতিরিক্ত অর্থও বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ থাকছে। অনুমোদন সাপেক্ষে এ অর্থ এফডিআই, বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ, বিকল্প বিনিয়োগ তহবিল ও ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে। প্রয়োজনীয় অনুমোদন নিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রেও তা ব্যবহার করা যাবে।