কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহনকারী চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মাদকের চালান ফেলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধীনস্থ হ্নীলা বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট নামক স্থানে অবস্থান করে। বুধবার রাত ১২টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন চোরাকারবারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় বিজিবির উপর ফায়ার করে। জবাবে বিজিবিও ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উক্ত ফায়ারে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩ বস্তা থেকে প্রায় দেড় লাখ ইয়াবা জব্দ করে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।
সময়ের আলো/মহু