ঠাকুরগাঁও রাণীশংকৈলে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেনকে (৫১) আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ঠাকুরগাঁও এ অভিযান পরিচালনা করেন। আটক নাজির হোসেন ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, হারুন আর রশিদ জানান, উপজেলার রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি করে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করা হয়।
এঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক শাকিলা রহমান বাদী হয়ে আটক নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এর আগেও নাজির হোসেনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। ৫ দিন আগে জামিনে বেরিয়ে সে আবারও একই ব্যবসা শুরু করে।
এ প্রসঙ্গে হোসেনগা ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী বলেন, চলতি মাসে মাদক মামলায় আটক হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন সে আমাদের দলীয় কোন নেতা না, যদি পরিচয় দিয়ে থাকে তাহলে দলীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়ার শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই