পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী মুহাম্মদ শাহজাদ। ৪৯ বলে শতক করে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের ৫৬ বলে সেঞ্চুরির রেকর্ড।
ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্টস ট্রফির তৃতীয় রাউন্ডের প্রথম দিনে কিংসমেন একাডেমির বিপক্ষে পাকিস্তান টেলিভিশনের (পিটিভি) হয়ে মাঠে নামেন শাহজাদ। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৬২ বলে ১১৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৮টি ছক্কা।
পিটিভি ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর ক্রিজে আসেন শাহজাদ। এরপর মোহাম্মদ তাহার সঙ্গে গড়েন ১৪৩ রানের জুটি। তাহা ৪৩ রান করে ফিরলেও শাহজাদ তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি।
২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবুধাবি টেস্টে ৫৬ বলে শতক করেছিলেন মিসবাহ। এত দিন সেটিই ছিল পাকিস্তানের কোনো ক্রিকেটারের দ্রুততম প্রথম শ্রেণির সেঞ্চুরি। এবার ৪৯ বলে তিন অঙ্ক ছুঁয়ে সেই রেকর্ড নিজের করে নিলেন শাহজাদ।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি শাহজাদের ষষ্ঠ সেঞ্চুরি। ২১তম ম্যাচে এসে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এ ছাড়া ২২টি লিস্ট ‘এ’ ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন এই ব্যাটার।
২০২৫ সালে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয় শাহজাদের। ওই আসরে ছয়টি ম্যাচ খেললেও চার ইনিংসে ব্যাট হাতে তেমন সাফল্য পাননি তিনি।
মিসবাহর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার পাশাপাশি শাহজাদের এই ইনিংসটি পাকিস্তানের ক্রিকেটে দ্রুততম শতকের ইতিহাসেও নতুন অধ্যায় যোগ করল।
মিসবাহ ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ৫৬ বলে সেঞ্চুরি করে ভিভ রিচার্ডসের ৫৬ বলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। দুই বছর পর ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে শতক করে সেই রেকর্ড ভেঙে দেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির সেই রেকর্ড এখনো ম্যাককালামের দখলে।
সময়ের আলো/টিকে