দিনে নীরব, রাতে সরব—মাদকের রুট বোয়ালখালীজুড়ে

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বদলে যায় চট্টগ্রামের বোয়ালখালীর কয়েকটি এলাকার চিত্র। দিনের ব্যস্ততা কমতেই নড়েচড়ে বসে মাদকের কারবারিরা। পাহাড়ি পথ

2026-09-24T22:39:43+00:00
2026-09-24T22:39:43+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দিনে নীরব, রাতে সরব—মাদকের রুট বোয়ালখালীজুড়ে
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ পিএম 
বোয়ালখালী থানা। ছবি : সময়ের আলো
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বদলে যায় চট্টগ্রামের বোয়ালখালীর কয়েকটি এলাকার চিত্র। দিনের ব্যস্ততা কমতেই নড়েচড়ে বসে মাদকের কারবারিরা। পাহাড়ি পথ দিয়ে আসে চোলাই মদ। আর কক্সবাজার থেকে পটিয়া হয়ে সড়কপথে ঢোকে ইয়াবা—এমন তথ্য মিলেছে স্থানীয় বাসিন্দা, সংশ্লিষ্ট একাধিক সূত্র ও পুলিশের সাম্প্রতিক অভিযানের তথ্য বিশ্লেষণে। 

গত দুই মাসে চোলাই মদ ও ইয়াবাসহ অন্তত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে চোলাই মদসহ ছয়জন এবং ইয়াবাসহ আটজন রয়েছেন। পুলিশের হিসাবে, গত এক মাসে মাদক সেবনের অভিযোগে ৪০ থেকে ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 

তথ্য অনুযায়ী, রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া, বান্দরবান ও রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকা থেকে দুর্গম পথ ব্যবহার করে চোলাই মদ বোয়ালখালীতে আনা হয়। জৈষ্ঠ্যপুরা, আমুচিয়া ও করলডেঙ্গা ইউনিয়নের কয়েকটি পথ এ কাজে ব্যবহারের কথা জানা গেছে।

জৈষ্ঠ্যপুরার সূর্যব্রত বিলের পথটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে উঠে এসেছে। পাহাড়ি পথ পেরিয়ে বস্তায় করে মদ আনার পর তা সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে সরিয়ে নেওয়া হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।

কালুরঘাট-ভাণ্ডালজুড়ি-জৈষ্ঠ্যপুরা হয়ে রাঙ্গুনিয়ার সরফভাটা গুদামঘর সড়ক নিয়েও একই ধরনের তথ্য পাওয়া গেছে। ভাণ্ডালজুড়ি ওয়াসা এলাকায় সন্ধ্যার আগে কয়েকটি সিএনজি ও মোটরসাইকেল অবস্থান করে। পরে পাহাড়ি এলাকা থেকে মদ নিয়ে সেগুলো বিভিন্ন দিকে চলে যায় বলে জানা গেছে। 

চোলাই মদের পাশাপাশি ইয়াবার সরবরাহ নিয়েও তথ্য মিলেছে। কক্সবাজার থেকে পটিয়া হয়ে সড়কপথে ইয়াবা বোয়ালখালীতে ঢোকে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বেঙ্গুরা রেলস্টেশন, শ্রীপুর-খরণদ্বীপের ভাঙা পুকুরঘাট, চরণদ্বীপের ছাদ দেওয়াল, শাকপুরা বাজার, ও ফুলতলা এলাকায় ইয়াবা বিক্রির তথ্য পাওয়া গেছে। 


পোপাদিয়া ইউনিয়নের মান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির কথা বলা হচ্ছে। এ ছাড়া করলডেঙ্গার তালুকদার পাড়ার ম্যারা সাইফুল, সুমন, রতনপুরের এস আলম, সারোয়াতলী লালার হাটের সাইফু, খিতাপচরের আবছার, ইমামনগরের রুবেল, মাসুদ, শহীদ, শিবু, আকতার এবং জৈষ্ঠ্যপুরার ফারুক, সুব্রত ও প্রদীপসহ আরও কয়েকজনের নাম মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে স্থানীয়ভাবে উঠে এসেছে। তাদের কারও বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা থাকার কথাও জানা গেছে। 

পুলিশের অভিযানে চোলাই মদসহ গ্রেফতার ছয়জন হলেন পোপাদিয়ার মো. মহসিন, চরণদ্বীপের মো. কামাল উদ্দিন, পটিয়ার মো. বাবু মিয়া ওরফে বাবু, মো. আবু তাহের, শাকপুরার শান্ত নাথ এবং পটিয়ার মো. মোস্তাক চৌধুরী।

ইয়াবাসহ গ্রেফতার আটজন হলেন শাকপুরার শওকত ইসলাম জিহাদ ওরফে জিকু, পৌরসভার মো. খোকন ওরফে সাইফুল ইসলাম, সারোয়াতলীর নুরুল আবছার, শুক্কুরুল হাসান সাফী, মো. বাদশা মিয়া ওরফে বাহারাম, শাহনাজ পারভেজ, পোপাদিয়ার মো. শহিদুল্লাহ ওরফে সইয়্যা এবং আমুচিয়ার মো. এমদাদ। 

মাদক কারবারে জড়িত কয়েকজন গ্রেফতারের পর জামিনে বেরিয়ে ফের একই কাজে যুক্ত হচ্ছেন—এমন তথ্যও পাওয়া গেছে। ফলে একদিকে অভিযান ও গ্রেফতার চলছে, অন্যদিকে নতুন করে মাদক সরবরাহের পথও সক্রিয় থাকছে।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের অভিযোগ, খুচরা বিক্রেতাদের পাশাপাশি পাহাড়ি এলাকা থেকে মাদক আনা এবং বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা জরুরি। একই সঙ্গে কথিত পরিবহন রুটগুলোতে নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে দাবি তাদের।
মাদক কারবারিদের কাছ থেকে থানার কথিত সোর্সদের টাকা নেওয়া এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কেউ কেউ সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। 

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। বড় বড় মাদক কারবারিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি বলেন, মাদকের গডফাদাররা পলাতক। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তারা একেক সময় একেক জায়গায় অবস্থান করায় গ্রেফতারে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিত চালানোর পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হচ্ছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   দিনে নীরব  রাতে সরব  মাদকের রুট  বোয়ালখালী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: