ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় ও চতুর্থ পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের বদলির আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ বর্তমান প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে বদলির আবেদন করতে পারবেন। তবে বদলির ক্ষেত্রে আসন খালি থাকা এবং বোর্ডের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পালের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলিতে আগ্রহী শিক্ষার্থীকে বর্তমান প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদনে বাবা, মা অথবা উপযুক্ত অভিভাবকের প্রতিস্বাক্ষর থাকতে হবে। আবেদন পাওয়ার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বোর্ডে তথ্য পাঠাবে।
বদলির আবেদন-সংক্রান্ত তথ্য অনলাইনে পাঠাতে বোর্ডের ওয়েবসাইটের ‘অনলাইনে তথ্য প্রেরণ বা গ্রহণ’ অংশে গিয়ে ‘ডিপ্লোমা পর্যায়’ থেকে ‘ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ট্রান্সফার ডাটা এন্ট্রি লিংক’-এ প্রবেশ করতে হবে। অনলাইনে তথ্য পাঠানোর জন্য সার্ভার ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে।
বদলির ক্ষেত্রে শিক্ষার্থীর টেকনোলজি, প্রবিধান ও শিফটের মিল থাকা বাধ্যতামূলক। অর্থাৎ প্রথম শিফটের শিক্ষার্থী প্রথম শিফটেই এবং দ্বিতীয় শিফটের শিক্ষার্থী দ্বিতীয় শিফটেই বদলির সুযোগ পাবেন।
তবে এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) ও আলিম (বিজ্ঞান) পাস করে সরাসরি তৃতীয় বা চতুর্থ পর্বে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বদলির জন্য আবেদন করতে পারবেন না। কোনো বিষয়ে অকৃতকার্য বা রেফার্ড শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন না। শুধু সব বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাই বদলির আবেদন করতে পারবেন।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বদলির ক্ষেত্রেও পৃথক শর্ত রয়েছে। সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী শুধু সরকারি প্রতিষ্ঠানে এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শুধু বেসরকারি প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন। যে প্রতিষ্ঠানে বদলি হতে চাওয়া হচ্ছে, সেখানে সংশ্লিষ্ট টেকনোলজি থাকতে হবে এবং ওই পর্বে শিক্ষার্থী থাকার শর্তও পূরণ করতে হবে।
বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে বর্তমান ও কাঙ্ক্ষিত—দুই প্রতিষ্ঠানের সম্মতি থাকতে হবে। এ ক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠানকে বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে লগইন করে নির্ধারিত ছকে অনলাইনে তথ্য পাঠাতে হবে।
বোর্ড জানিয়েছে, অনলাইনে পাওয়া আবেদনগুলোর মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী শূন্য আসনের ভিত্তিতে শিক্ষার্থী বদলির জন্য মনোনয়ন দেওয়া হবে। বদলির ক্ষেত্রে বোর্ডের সাধারণ নীতিমালা অনুসরণ করা হবে এবং এ বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
পর্ব সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বদলির ফল প্রকাশ করা হবে। বোর্ডের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার সময়সূচি ফল প্রকাশের সময় জানানো হবে।
সময়ের আলো/জেডি