বাংলাদেশ ও ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ‘দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের ফাঁকে বাংলাদেশ এবং ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্রমন্ত্রী এস এম সোবার্স এমপি নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। হুমায়ুন কবির বলেন, কমনওয়েলথ, জাতিসংঘ, জি-৭৭সহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মের অংশীদার হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ আগ্রহী।
এই সমঝোতা স্মারক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত পর্যালোচনা, বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সময়ের আলো/এনএন