রাজধানীর শ্যামপুরের জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পরিত্যক্ত কক্ষ থেকে আনুমানিক ১৬ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে পাবলিক টয়লেটের ভেতরের পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, পুলিশ কক্ষের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। কিশোরটির ডান কপালে ফাটা আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। আনুমানিক ১৫ থেকে ২০ দিন আগে তার মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে আঘাতের কারণে কিশোরটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
সময়ের আলো/এমকে