মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি আবাসিক বাসা থেকে দুর্লভ প্রজাতির বিষহীন ‘আইড ক্যাট স্নেক’ উদ্ধার করা হয়েছে। শহরের হবিগঞ্জ রোডের একটি বাসার গ্রিলে পেঁচিয়ে থাকা অবস্থায় এ সাপটি উদ্ধার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষহীন-এ সাপটি পেঁচিয়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। সহযোগিতার জন্য তারা বিষয়টি স্থানীয়দের জানালে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করে নিশ্চিত হন এটি একটি বিরল প্রজাতির ‘আইড ক্যাট স্নেক’। পরবর্তীতে সাপটিকে নিরাপদে ও অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়।
উদ্ধারের পর সাপটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বন বিভাগ।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ক্রমাগত বন উজাড়, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং বনাঞ্চলে মানুষের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশের কারণে বন্যপ্রাণীরা খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সংকটে পড়ে লোকালয়ে চলে আসছে।
লোকালয়ে আসার পর অনেক প্রাণী মানুষের আঘাত কিংবা সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে। এ পরিস্থিতিতে বন্যপ্রাণীর ক্ষতি না করে, তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল অথবা বন বিভাগকে খবর দেওয়ার জন্য শ্রীমঙ্গলের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বানও জানিয়েছে তিনি।
সময়ের আলো/আতা