নিজেদের ড্রোনের আঘাতে প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নিজেদের পরিচালিত একটি বিস্ফোরকবাহী ড্রোন বিস্ফোরণে দুই ইসরাইলি সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই প্রাণঘাতী ঘটনার

2026-09-25T21:29:22+00:00
2026-09-25T21:29:22+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নিজেদের ড্রোনের আঘাতে প্রাণ গেল দুই ইসরায়েলি সেনার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৯ পিএম 
নিহত সেনাসদস্যদের নাম মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) নাদাভ কালি ও মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) ওফেক মোয়ালেম। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নিজেদের পরিচালিত একটি বিস্ফোরকবাহী ড্রোন বিস্ফোরণে দুই ইসরাইলি সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই প্রাণঘাতী ঘটনার পর শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত সেনাসদস্যদের নাম মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) নাদাভ কালি (২৪) ও মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) ওফেক মোয়ালেম (২৩)। তারা দুজনই আইডিএফের জেরুজালেম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।   

সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তের বরাতে জানা গেছে, গাজার উত্তরাঞ্চলে সীমান্তসংলগ্ন ইসরাইলি সামরিক পোস্টে অবস্থান করে ওই দুই সেনা হিব্রু ভাষায় ‘আতালেফ’ (যার অর্থ বাদুড়) নামে পরিচিত ‘ফার্স্ট-পারসন ভিউ’ (এফপিভি) ড্রোন পরিচালনা করছিলেন।

প্রথম ড্রোনটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করে মিশন সম্পন্ন করলেও দ্বিতীয় ড্রোনটি উড্ডয়নের পরপরই অজ্ঞাত কারণে ক্যাম্পের ভেতরেই ভেঙে পড়ে। দুর্ঘটনার কয়েক মিনিট পর সেনাসদস্য দুজন ড্রোনটির কাছে গিয়ে সেটি হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তীব্র বিস্ফোরণ ঘটে এবং তারা গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

এই প্রাণঘাতী বিস্ফোরণ ও ড্রোনটি ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ। তদন্ত চলাকালে সব ধরনের বিস্ফোরক বহনে সক্ষম ছোট আকারের ড্রোন—আত্মঘাতী ড্রোন এবং লক্ষ্যবস্তুতে বিস্ফোরক ফেলার ড্রোন—ব্যবহার সাময়িকভাবে স্থগিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছে।

ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের নির্দেশ দিয়েছেন। পদাতিক বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে এই তদন্ত দল গঠন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে এই তদন্ত দল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর গাজা উপত্যকায় শুরু হওয়া ধ্বংসাত্মক যুদ্ধের জেরে অবরুদ্ধ এই ভূখণ্ডের প্রায় ৬০ শতাংশ এলাকা এখনো ইসরাইলি বাহিনীর সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সময়ে যুদ্ধবিরতি ও হামাসের সক্ষমতা পুনর্গঠন ঠেকাতে মাঝেমধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ।


কয়েক মাসের টানা আলোচনার পর চলতি বছরের ৩০ জুলাই হামাস যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’-এর দেওয়া নিরস্ত্রীকরণ পরিকল্পনা বাস্তবায়নে সম্মত হয়েছিল। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তির কারণে বিষয়টি স্থবির হয়ে পড়ে। নেতানিয়াহুর দাবি, হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত আইডিএফ গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না।

‘বোর্ড অব পিস’-এর কর্মকর্তারা মনে করেন, আগামী ২৭ অক্টোবরের ইসরাইলি নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছেন না। ফলে নির্বাচনের আগে এ বিষয়ে অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরাইল ও হামাসের মধ্যকার এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৭৩ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও ১ হাজার ৩৩০ জনের বেশি নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর প্রাথমিক মূল্যায়নেও গাজায় সামগ্রিক মৃত্যুসংখ্যা অনেকটাই সঠিক বলে ধারণা করা হয়। তাদের অনুমান, প্রতিজন সশস্ত্র যোদ্ধার বিপরীতে দুই থেকে তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।



সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইসরাইল  সেনা  ড্রোন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: