রাজবাড়ীর কালুখালীতে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান জানিয়েছেন।
নিহত ৫৫ বছর বয়সি নজরুল ইসলাম খান ওই গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবারের বরাতে সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমান বলেন, নজরুল ইসলামের ছোট মেয়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু বেগম, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরে শুক্রবার সকালে নজরুলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় ইট ও লাঠি দিয়ে মারধর করা হলে ঘটনাস্থলেই নজরুল মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এ ঘটনায় গোলাপী বেগমকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।
সময়ের আলো/আতা