এশিয়ান গেমসে বাংলাদেশের জন্য দিনটি ছিল মিশ্র অভিজ্ঞতার। নারী হকি দল কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে। সার্ফিংয়ে বাংলাদেশের ফাতেমা আক্তার প্রথম রাউন্ডে তৃতীয় হলেও পরের ধাপে যাওয়ার সুযোগ রয়েছে। তবে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে বিদায় নিয়েছেন ইমরানুর রহমান। ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসেও প্রথম রাউন্ডেই থেমেছে বাংলাদেশের পথচলা।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরুতেই এগিয়ে গিয়েও একপর্যায়ে ১-৩ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ নারী হকি দল। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের মাত্র ১ মিনিট ১১ সেকেন্ডেই আইরিন রিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে ২১ মিনিটে লোবানোভা ভিক্টোরিয়ার গোলে সমতায় ফেরে কাজাখস্তান। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে একপর্যায়ে ৩-১ গোলে এগিয়ে যায় তারা। তবে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আরও দুই গোল আদায় করে নেয় বাংলাদেশ। ফলে ৩-৩ গোলে ড্র হয় ম্যাচটি। এশিয়ান গেমসে নিজেদের চতুর্থ ম্যাচে এটাই বাংলাদেশের নারী হকি দলের প্রথম পয়েন্ট।
এদিকে নারীদের শর্টবোর্ড সার্ফিংয়ে বাংলাদেশের ফাতেমা আক্তারও লড়াই শুরু করেছেন। জাপানের লং বিচে রাউন্ড-১-এর দ্বিতীয় হিটে অংশ নিয়ে তিন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন কক্সবাজারের এই সার্ফার। সেরা দুটি ওয়েভের স্কোর মিলিয়ে ফাতেমার মোট পয়েন্ট দাঁড়ায় ২.৯২। একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট পেলেও দ্বিতীয় স্কোরিং ওয়েভে ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’র কারণে ০.৮৩ পয়েন্ট কমে দাঁড়ায় ০.৪২। ফলে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে পড়েন তিনি।
ফাতেমার হিটে চীনের জিন শুহান ৭.৭৩ পয়েন্ট নিয়ে প্রথম এবং ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো ৫.০৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন। তবে তৃতীয় হলেও ফাতেমার পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। রাউন্ড-২ বা এলিমিনেটর রাউন্ডে লড়াই করে পরের ধাপে যাওয়ার সুযোগ রয়েছে তার।
অন্যদিকে পুরুষদের ১০০ মিটার দৌড়ের সেমিফাইনালে এশিয়ান গেমসের নতুন রেকর্ড গড়েছেন থাইল্যান্ডের পুরিপোল বুনিসন। মাত্র ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে উঠেছেন তিনি। একই হিটে ওমানের আল বালুশি ১০.১৩ এবং চীনের জেং ১০.২৪ সেকেন্ড সময় নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন।
তবে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের অভিযান থেমেছে সেমিফাইনালেই। শক্তিশালী ওই হিটে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। ফলে ফাইনালের টিকিট না পেয়েই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই স্প্রিন্টারকে।
ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসেও প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে বাংলাদেশ। জাপানের ইচিনোমিয়ায় ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচে জুমা আল আমিন ও আক্তার ঊর্মি জুটি ২-০ ব্যবধানে হেরেছেন মালয়েশিয়ার চেন ট্যাং জি ও চেং সু ইয়িন জুটির কাছে। মালয়েশিয়ান জুটি ২১-১৪ ও ২১-৯ পয়েন্টে সরাসরি দুই গেমে জয় নিশ্চিত করে। ফলে এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসে বাংলাদেশের পথচলা থেমে যায় প্রথম রাউন্ডেই।
সময়ের আলো/প্রিন্ট/টিকে