২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মিসর জাতীয় দলের ক্যাম্পে তৈরি হয়েছে অস্বস্তি। ম্যাচে অধিনায়ক মোহাম্মদ সালাহকে ৬০ মিনিটে তুলে নেওয়াকে কেন্দ্র করে কোচ হোসাম হাসানের সঙ্গে তার মতবিরোধের খবর সামনে এসেছে।
মিসরীয় সাংবাদিক আহমেদ আব্দেল বাসেতের দাবি, অ্যাঙ্গোলা ম্যাচের পর সালাহ ক্যাম্প ছেড়ে চলে গেছেন। তার ভাষ্য, কাউকে কিছু না জানিয়েই ক্যাম্প ছাড়েন সালাহ। বিষয়টি নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে সালাহকে তুলে নেন হোসাম হাসান। কোচ পরে জানান, এটি ছিল পুরোপুরি কৌশলগত সিদ্ধান্ত। সালাহর কোনো চোটও ছিল না।
তবে মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দক্ষিণ সুদানের বিপক্ষে পরবর্তী ম্যাচে সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।
ম্যাচটি হবে কৃত্রিম টার্ফে। খেলোয়াড়ের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দক্ষিণ সুদান ম্যাচে সালাহকে না খেলানোর ব্যাপারে অ্যাঙ্গোলা ম্যাচের আগেই তার ও টেকনিক্যাল স্টাফদের মধ্যে মৌখিক সমঝোতা হয়েছিল বলে জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।
ফলে সালাহ সত্যিই কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে ক্যাম্প ছেড়েছেন কি না, তা নিয়ে দুই ধরনের তথ্য সামনে এসেছে। সাংবাদিকের দাবির বিপরীতে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টিকে বিশ্রামের সিদ্ধান্ত হিসেবেই ব্যাখ্যা করেছে।
সময়ের আলো/টিকে