দেশীয় মৎস্যসম্পদ, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে, যা পরবর্তীতে মাটিতে পুতে ধ্বংস করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পুকুর থেকে অবৈধভাবে চাষ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ আহরণ করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ১০ (দশ) মণ। পরবর্তীতে জনস্বার্থে ও প্রচলিত মৎস্য আইন অনুযায়ী জব্দকৃত পিরানহা মাছগুলো মাটিতে পুতে পুরোপুরি ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ক্ষতিকর ও শিকারী প্রজাতির পিরানহা মাছ দেশীয় মৎস্যসম্পদ এবং স্থানীয় জলজ বাস্তুতন্ত্রের জন্য চরম হুমকি স্বরূপ।
তিনি আরও হুশিয়ারি উচ্চারণ করে জানান, পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ এ ধরনের মাছের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ প্রজাতির পিরানহা মাছ চাষ, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন