২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর আমলে সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পের পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবে কাজের তেমন অগ্রগতি হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও অন্তর্বর্তী সরকারের দুই বছরের মেয়াদ শেষে প্রকল্পের অগ্রগতি ছিল মাত্র ৭ থেকে ৮ শতাংশ। তখন পর্যন্ত ভূমি অধিগ্রহণও সম্পন্ন হয়নি।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ২০২৯ সালের মাঝামাঝি এই সড়কের কাজ শেষ হবে। আর ১২ মাস পর সড়কের অবয়ব আপনাদের কাছে স্পষ্ট হবে।
তিনি বলেন, সরকার প্রকল্পটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে। বর্তমানে ভূমি অধিগ্রহণসহ সড়কের বিভিন্ন কাজে গতি এসেছে।
এ সময় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরী স্থাপনের এলাকায় সড়কটি চার লেনে উন্নীত করার কথাও জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী।
এর আগে, ১৯ সেপ্টেম্বর সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, ২০২৯ সালের জুনের মধ্যে মহাসড়কের নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
সময়ের আলো/আতা