দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শন করেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রী-প্রতিমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি দল নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শনে যান। মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা বৌদ্ধ বিহারে বিভিন্ন স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম এবং রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সীতাকোট বৌদ্ধ বিহার দেশের উত্তরাঞ্চল তথা দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন এই স্থাপনাটি দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এলেও পর্যাপ্ত অবকাঠামো সংস্কার, প্রচার-প্রচারণা ও পর্যটন সুবিধার অভাবে এর সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টরা জানান, নবাবগঞ্জের ঐতিহাসিক সীতাকোট বৌদ্ধ বিহার দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। যথাযথ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে এটিকে প্রত্ম-পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সময়ের আলো/এনএন