শচিনের সাবেক সতীর্থ বৃদ্ধাশ্রমে

ক্রীড়া ডেস্ক

খেলা

একসময় শচিন টেন্ডুলকারের সঙ্গে ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত তরুণ প্রতিভা ছিলেন বিনোদ কাম্বলি। আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভাবনার ঝলক দেখালেও ক্যারিয়ারটা শচিনের

2026-09-26T22:56:01+00:00
2026-09-26T22:56:01+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
শচিনের সাবেক সতীর্থ বৃদ্ধাশ্রমে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
একসময় শচিন টেন্ডুলকারের সঙ্গে ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত তরুণ প্রতিভা ছিলেন বিনোদ কাম্বলি। আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভাবনার ঝলক দেখালেও ক্যারিয়ারটা শচিনের মতো দীর্ঘ হয়নি। এবার নতুন এক ভিডিওতে থানের একটি বৃদ্ধসেবা কেন্দ্রে দেখা গেছে সাবেক এই ভারতীয় ব্যাটারকে। ভিডিওতে কথা বলার সময় তার জড়তা নজরে এসেছে, যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।

২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কাম্বলির বর্তমান অবস্থার কথা নতুন করে সামনে এনেছে। ভিডিওতে তিনি নিজেই জানান, তিনি থানের ‘নিদান’ নামের একটি সেবাকেন্দ্রে আছেন। সেখানে চিকিৎসা ও যত্ন নেওয়া হচ্ছে তার।

ভিডিওতে কাম্বলি বলেন, ‘আমি বর্তমানে নিদানে আছি। এখানকার সুযোগ-সুবিধা খুবই ভালো। পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সবকিছুই দারুণ। এখানে থাকলে কখনোই মনে হয় না যে আমি বাড়ি থেকে দূরে আছি। এখানকার মানুষদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছি।’

তবে ভিডিওতে কথা বলার সময় তার বক্তব্য কিছুটা জড়ানো শোনায়। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে কাম্বলি নানা স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থার নির্দিষ্ট কারণ সম্পর্কে নতুন ভিডিওতে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

কাম্বলি ভারতের হয়ে ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ১ হাজার ৮৪ রান করেছেন তিনি, যার মধ্যে চারটি সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে তার সংগ্রহ ২ হাজার ৪৭৭ রান, সঙ্গে আছে দুটি সেঞ্চুরি।

শচিনের সঙ্গে একই পথচলা

শৈশব থেকেই শচিন টেন্ডুলকারের সঙ্গে বন্ধুত্ব ও ক্রিকেটযাত্রা কাম্বলির। স্কুল ক্রিকেটে দুজনের জুটি আলোচনায় আসে। পরবর্তী সময়ে দুজনই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

কাম্বলিকে ঘিরে তখন বড় প্রত্যাশা ছিল। টেস্ট ক্রিকেটে মাত্র ১৪ ইনিংসে ১ হাজার রান পূর্ণ করে দ্রুততম ভারতীয়দের একজন হয়েছিলেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হয়নি তার। ২০০০ সালে শেষ ওয়ানডে খেলার পর আর জাতীয় দলে ফিরতে পারেননি।

অন্যদিকে শচিন টেন্ডুলকার দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান ৩৪ হাজারের বেশি।

একই সময়ে উঠে আসা দুই প্রতিভার ক্যারিয়ারের এমন ভিন্ন পরিণতি ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরেই আলোচিত। এবার কাম্বলির নতুন ভিডিও সামনে আসায় তার বর্তমান অবস্থার খোঁজ নিতে শুরু করেছেন ভক্তরা। ভিডিওতে কাম্বলি অবশ্য যে সেবাকেন্দ্রে আছেন, সেখানকার যত্ন ও সুবিধার প্রশংসাই করেছেন এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   শচিন  সাবেক  সতীর্থ  বৃদ্ধাশ্রম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: