শুরুর দুই ম্যাচের ধাক্কা সামলে এশিয়ান গেমসে ছন্দে ফিরেছে বাংলাদেশের পুরুষ হকি দল। দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা। সেই ধারাবাহিকতায় এবার ইন্দোনেশিয়াকেও হারিয়েছে লাল-সবুজের দল। অন্যদিকে আর্চারির র্যাঙ্কিং রাউন্ডে ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন বাংলাদেশের রামকৃষ্ণ, রাকিব ও বন্যা। তবে ব্যাডমিন্টন ও বক্সিংয়ে দিনটি কেটেছে হতাশায়।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই গোলের দেখা পায় তারা। ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে লাল-সবুজের দল। ৩১তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আমিরুল। মাত্র পাঁচ মিনিট পর ফিল্ড গোল থেকে ব্যবধান ৩-০ করেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। তবে এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এই জয়ে পুল ‘এ’-তে চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৬। আজ গ্রুপের শেষ ম্যাচে শীর্ষে থাকা ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
হকির সাফল্যের দিনে আর্চারির র্যাঙ্কিং রাউন্ডেও ছিল ইতিবাচক খবর। রিকার্ভ পুরুষ এককে নিজের আগের সেরা স্কোর ছাড়িয়ে গেছেন রামকৃষ্ণ সাহা। ৬৭৮ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে থেকে র্যাঙ্কিং রাউন্ড শেষ করেছেন তিনি। প্রথম ধাপের এলিমিনেশন ম্যাচে বাই পরের রাউন্ডে পৌঁছেছেন। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ কাজাখস্তানের দুলেতকেলদি ঝাংবাইরবে।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টেও পরের ধাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টাইব্রেকিংয়ে বাংলাদেশ ১১তম হওয়ায় প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। সেখানে প্রতিপক্ষ ইরান। রিকার্ভে আলিফও ৬৫৩ স্কোর করেছেন। টাইব্রেকিংয়ে তিনি ৩৮তম হন। বাই পেয়ে তিনি সরাসরি শেষ বত্রিশে উঠেছেন।
কম্পাউন্ডেও বাংলাদেশের প্রতিনিধিরা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব ৭০১ স্কোর করে ২২তম হয়েছেন। হিমু বাছাড়ের স্কোর ৬৯৬। ঐশ্বর্য রহমান ৬৯৫ স্কোর করে ৩৩তম হয়েছেন। নারী এককে বন্যা আক্তার ৬৯৭ স্কোর করে ১৬তম হয়েছেন, যা তার নতুন ক্যারিয়ারসেরা। কুলসুম আক্তার মনি ৬৯২ এবং পুষ্পিতা জামান ৬৭৮ স্কোর করে যথাক্রমে ২৬ ও ৩৮তম হয়েছেন।
ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি দলগত লড়াইয়েও পরের ধাপে গেছে বাংলাদেশ। কম্পাউন্ডে বন্যা, মনি ও পুষ্পিতার সম্মিলিত স্কোর ২০৬৭। এতে দশম হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানে কাজাখস্তানের বিপক্ষে লড়বে দলটি। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান।
অন্যদিকে ব্যাডমিন্টনে একক ও দ্বৈত দুই বিভাগেই বাংলাদেশের প্রতিনিধিদের বিদায় নিতে হয়েছে। পুরুষ এককে আইমান ইবনে জামান চাইনিজ তাইপের প্রতিপক্ষের কাছে ২১-১, ২১-১০ গেমে হেরেছেন। নারী এককে উর্মি আক্তার দক্ষিণ কোরিয়ার কিম গাইয়ুনের কাছে ২১-৪, ২১-৫ ব্যবধানে পরাজিত হন। পুরুষ দ্বৈতে গৌরব সিংহ ও আইমান ইবনে জামানের জুটিও ভিয়েতনামের প্রতিপক্ষের কাছে ২১-৬, ২১-১১ ব্যবধানে হেরেছে। বক্সিংয়েও বাংলাদেশের জন্য দিনটি সুখকর হয়নি। পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে মঙ্গোলিয়ার প্রতিপক্ষের বিপক্ষে ৫-০ পয়েন্টে হেরে গেছেন উৎসব আহমেদ।
সব মিলিয়ে দিনের সবচেয়ে উজ্জ্বল খবর এসেছে পুরুষ হকি ও আর্চারি থেকে। হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশ।
সময়ের আলো/প্রিন্ট/টিকে