ছাত্রদল নেতার পেছনে ‘গ্যাং লিডার’ রতন, ভিডিও ছড়িয়ে প্রশ্ন

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লায় মহানগর ছাত্রদলের এক নেতার নেতৃত্বে আয়োজিত মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে পরিচিত ইমরান হোসেন ওরফে রতনের উপস্থিতির একটি ভিডিও

2026-09-27T10:42:07+00:00
2026-09-27T10:42:07+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছাত্রদল নেতার পেছনে ‘গ্যাং লিডার’ রতন, ভিডিও ছড়িয়ে প্রশ্ন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ এএম 
ছাত্রদল নেতার পেছনে ‘গ্যাং লিডার’ রতন। ছবি : সংগৃহীত
কুমিল্লায় মহানগর ছাত্রদলের এক নেতার নেতৃত্বে আয়োজিত মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে পরিচিত ইমরান হোসেন ওরফে রতনের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান চলার সময়ে রাজনৈতিক কর্মসূচিতে রতনের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্মসাগর পাড় সড়কে ওই মিছিল হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন। তার ঠিক পেছনে রতনকে হাঁটতে দেখা যায়। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলটির ভিডিও ছড়িয়ে পড়ে।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ২০১৫ সাল থেকে আলোচনায় রয়েছে। এরপর নগরে আলোচনায় আসা কয়েকটি গ্যাংয়ের মধ্যে ‘রতন গ্রুপ’ বা ‘স্কোয়াড’ অন্যতম। আধিপত্য বিস্তার, মারামারি, সংঘর্ষ ও হত্যার মতো বিভিন্ন ঘটনায় গত কয়েক বছরে গ্রুপটির নাম এসেছে বলে স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

মিছিলে রতনের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মো. মহসিন বলেন, স্বেচ্ছাসেবক দলের একটি কর্মসূচিতে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের জন্য তিনি অনুসারীদের নিয়ে সেখানে গিয়েছিলেন। মিছিলে অনেক মানুষ ছিলেন। কিশোর গ্যাংয়ের সদস্যরা কীভাবে সেখানে এসেছেন, তা তিনি জানেন না।

মহসিন বলেন, এত মানুষের ভিড়ে কে সন্ত্রাসী, কে কিশোর গ্যাং লিডার বা কে মাদক ব্যবসায়ী—তা ব্যক্তিগতভাবে সবার পরিচয় জানা তার পক্ষে সম্ভব নয়।

রতনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ওই ব্যক্তির সঙ্গে তার কোনো ধরনের ওঠাবসা বা যোগাযোগের প্রমাণ কেউ দেখাতে পারবেন না। এটি একটি কেন্দ্রীয় কর্মসূচি ছিল, ব্যক্তিগত কোনো অনুষ্ঠান নয়।

ছাত্রদল-বিএনপিতে কিশোর গ্যাংয়ের অনুপ্রবেশের বিষয়ে মহসিন বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। তবে ছাত্রদল কখনো তাদের প্রশ্রয় দেয়নি। তাদের অজান্তে কখনো এমন ঘটনা ঘটতে পারে। তাদের শনাক্ত করার দায়িত্ব প্রশাসনের।


মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, তারা সব সময় কিশোর গ্যাং ও মাদকবিরোধী আন্দোলন করে আসছেন। ভিডিওটি নজরে আসার পর তিনি মহসিনের সঙ্গে যোগাযোগ করেন। মহসিন তাকে জানিয়েছেন, রতনের বিষয়ে তিনি জানতেন না। এরপরও বিষয়টি তারা খতিয়ে দেখছেন। রতনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রতন গ্রুপের বিরুদ্ধে নানা অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রতন গ্রুপের সদস্যরা কুমিল্লা নগরের ধর্মসাগর পাড়, রানীর কুঠি, রানীর দিঘি, তালপুকুর পাড় ও ঝাউতলা এলাকায় প্রভাব বিস্তার করে থাকেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে অন্য গ্যাংয়ের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানির ঘটনাও রয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।

এ ছাড়া গ্রুপটির বিরুদ্ধে মাদক সেবন ও কেনাবেচা, ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

রতন গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন সময়ে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়েছে। গ্রুপটির প্রধান রতন এবং অন্যতম সদস্য মাইনুদ্দিনসহ কয়েকজন বিভিন্ন সময়ে গ্রেপ্তারও হয়েছেন। সর্বশেষ ২০২৫ সালের ২৬ এপ্রিল রাতে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রতনকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় আছেন বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লার অন্যতম শীর্ষ কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত রতন বর্তমানে জামিনে আছেন বলে তারা জেনেছেন। তাকে গ্রেফতারে এরই মধ্যে কয়েকবার অভিযান চালানো হয়েছে। তবে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ছাত্রদল নেতার পেছনে ‘গ্যাং লিডার’ রতন  ভিডিও ছড়িয়ে প্রশ্ন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: