বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ নামের একটি নতুন এআই কম্পিউটিং সল্যুশন উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।
সম্প্রতি চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’-এ নতুন এই সল্যুশনটির উন্মোচন করেন হুয়াওয়ের বোর্ড সদস্য ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং। ‘অ্যাডভান্সিং দ্য এজেন্টিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের শিল্প খাত প্রধান, গ্রাহক, সহযোগী ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন। অ্যাটলাস ৯৬০ই-এর পাশাপাশি ‘অ্যাটলাস ৯৫০ সুপারপড’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। সুপারপডভিত্তিক এই সুপারক্লাস্টারগুলো হুয়াওয়ের পিরিয়াম কম্পিউটিং আর্কিটেকচারের প্রথম প্রজন্মের পণ্য। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ১০ লাখ প্রসেসর একসঙ্গে একটি একক কম্পিউটারের মতো কাজ করতে পারে।
এ তালিকায় রয়েছে সাধারণ কম্পিউটিংয়ের জন্য উন্নত ‘তাইশান ৯৫০ সুপারপড’ এবং এআই-সম্পর্কিত ডেটার চাহিদা মেটাতে বিশেষ স্টোরেজ সল্যুশন ‘ওশানস্টোর এম৯০০’। এসব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ডেটা ব্যবস্থাপনা ও কম্পিউটিং দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি হুয়াওয়ে জানিয়েছে, তাদের ‘ক্যান’ প্ল্যাটফর্মটি এখন সর্বসাধারণের জন্য ওপেন সোর্স হিসেবে উন্মুক্ত করা হয়েছে। এর ফলে স্বাধীন ডেভেলপার, অংশীদার ও বৈশ্বিক প্রযুক্তি কমিউনিটি এআই উদ্ভাবনে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
ডেভিড ওয়াং বলেন, ‘শক্তিশালী এআই অবকাঠামো গড়ে তোলা এবং কম্পিউটিং ইকোসিস্টেমকে মজবুত করতে আমরা ওপেন সোর্স প্রযুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। বুদ্ধিমান বিশ্বের দিকে এগিয়ে যেতে আমরা অংশীদারদের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাব।’
বর্তমানে টেলিযোগাযোগ, আর্থিক সেবা, উৎপাদন, জ্বালানি, পরিবহন, জনসেবা ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ডিজিটাল রূপান্তর দ্রুততর করতে বিশ্বজুড়ে কাজ করছে হুয়াওয়ে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি