ফেসবুকের বিরুদ্ধে রায়, ১০০ মিলিয়ন ডলারে সমঝোতা টিকটকের

আন্তর্জাতিক ডেস্ক

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে আইনি চাপে পড়েছে দুই প্রযুক্তি জায়ান্ট ফেসবুক ও টিকটক। নিউ মেক্সিকোতে ফেসবুককে ভোক্তা সুরক্ষা

2026-09-26T09:20:24+00:00
2026-09-26T09:21:12+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
ফেসবুকের বিরুদ্ধে রায়, ১০০ মিলিয়ন ডলারে সমঝোতা টিকটকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ এএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৯:২১ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে আইনি চাপে পড়েছে দুই প্রযুক্তি জায়ান্ট ফেসবুক ও টিকটক। নিউ মেক্সিকোতে ফেসবুককে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য দায়ী করেছেন একটি জুরি। একই দিনে আলাবামায় একই ধরনের অভিযোগে মামলা নিষ্পত্তিতে ১০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে টিকটক ও এর চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।

শুক্রবার নিউ মেক্সিকোর একটি জুরি ফেসবুকের বিরুদ্ধে রাজ্যের ৪ কোটি ৩০ লাখ ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে দায়ী করে রায় দেন। মামলায় অভিযোগ ছিল, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল ফেসবুক।

মামলাটির কেন্দ্রে ছিল ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি। অভিযোগ অনুযায়ী, তৃতীয় পক্ষের একটি ব্যক্তিত্ব যাচাই কুইজের মাধ্যমে প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়েছিল। পরে ওই তথ্য রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে দেওয়া হয়, যা লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছিল।

ক্যামব্রিজ অ্যানালিটিকা ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় সহায়তার জন্য ওই তথ্য ব্যবহার করেছিল বলে অভিযোগ রয়েছে। এ কেলেঙ্কারির পর তৃতীয় পক্ষের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের বিষয়ে তদন্ত চললেও ফেসবুক জনসাধারণকে বিভ্রান্ত করেছে বলে রায় দিয়েছেন নিউ মেক্সিকোর জুরিরা।

নিউ মেক্সিকোর বিচার বিভাগ এক বিবৃতিতে রায়কে রাজ্যের ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ফেসবুক রাজ্যের ২০ লাখের বেশি মানুষের তথ্য সুরক্ষা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করেছে বলেও জুরিরা মনে করেছেন।

তবে রায় প্রত্যাখ্যান করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যালেক্স বার্গোস বলেছেন, তারা রায়ের সঙ্গে একমত নয় এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে ভুল ধারণা তৈরির প্রচেষ্টার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।

এদিকে আলাবামায় টিকটকের বিরুদ্ধে মামলাটি বিচারে যাওয়ার কয়েক দিন আগে সমঝোতায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি। আলাবামার অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শালের কার্যালয়ের অভিযোগ ছিল, টিকটক ইচ্ছাকৃতভাবে এমনভাবে প্ল্যাটফর্মটি তৈরি করেছে, যা ব্যবহারকারীদের আসক্ত করে তুলতে পারে। পাশাপাশি অ্যাপটির নিরাপত্তা নিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছিল।

রাজ্যটির অভিযোগে আরও বলা হয়, টিকটকের অ্যালগরিদম তরুণ ব্যবহারকারীদের কাছে ক্রমেই সহিংস কনটেন্ট পৌঁছে দিচ্ছিল। এর ফলে কিশোরদের মানসিক স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট কারণে জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার ঘটনা বেড়ে গেছে বলে দাবি করা হয়।

টিকটকের বিরুদ্ধে বয়স অনুপযোগী কনটেন্টে প্রবেশ সীমিত করার বিষয়ে মিথ্যা দাবি এবং মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের হাতে যাওয়ার ঝুঁকি নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগও ছিল।

সমঝোতার আওতায় আলাবামা অন্তত ১০০ মিলিয়ন ডলার পাবে, যা ৪৫ দিনের মধ্যে দেওয়ার কথা। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে অর্থের পরিমাণ বেড়ে সর্বোচ্চ ৩০০ মিলিয়ন ডলার হতে পারে।

চুক্তি অনুযায়ী, টিকটক দৈনিক ব্যবহারের জন্য দুই ঘণ্টার সীমা চালু করবে। ১৫ মিনিট ব্যবহারের পর বিরতি দেওয়ার ব্যবস্থা এবং ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের প্রক্রিয়াও উন্নত করবে।

টিকটকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে আরও অন্তত ২৭টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি মামলা করেছে। এর আগে শিশুদের গোপনীয়তা-সংক্রান্ত ফেডারেল আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন বিচার বিভাগের সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের সমঝোতাও করেছে টিকটক।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ফেসবুক  টিকটক 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: